নৈতিকতা ইউনিট প্রধানকে বরখাস্ত করলো গুগল

২০ ফেব্রুয়ারি, ২০২১ ১৩:১৭  
নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা নৈতিকতা ইউনিটের প্রতিষ্ঠাতা এবং সহ-প্রধানকে বরখাস্ত করেছে গুগল। কোম্পানির আচরণবিধি লঙ্ঘন করায় মার্গারেট মিশেল-কে বহিস্কার করা হয়েছে বলে জানিয়েছে টেক জায়ান্টটি। গুগল বলেছে, তদন্তে দেখা গেছে কোম্পানির গুরুত্বপূর্ণ ফাইল বাইরে সরিয়ে নিয়েছেন মিশেল। আরেকজন সিনিয়র ব্যক্তিত্ব টিমনিট গেব্রু চলে যাওয়ার পর গত ডিসেম্বর থেকে এই এথিক্স ইউনিট তদন্তের আওতায় রয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। তবে উভয় নারীই গুগলে আরো বৈচিত্র্যের জন্য প্রচারণা চালিয়েছেন এবং কোম্পানির মধ্যে সেন্সরশিপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। মিস মিশেল একটি টুইটে এই সংবাদ ঘোষণা করেন, যেখানে লেখা ছিল "আমাকে বরখাস্ত করা হয়েছে"। গত পাঁচ সপ্তাহ ধরে তাকে গুগলের সিস্টেম থেকে বাইরে রাখা হয়। একইসঙ্গে তার ইমেইল এবং ক্যালেন্ডারও বন্ধ করে দেয়া হয়। তবে আগে থেকেই মিস মিশেল গুগলের তীব্র সমালোচক ছিলেন এবং কোম্পানি থেকে ডঃ গেব্রুর চলে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। কৃত্রিম বুদ্ধিমত্তা নৈতিকতা বিষয়ে শীর্ষ গবেষক হিসেবে পরিচিত ডঃ গেব্রু জানিয়েছেন, গত বছরের শেষের দিকে একটি অভ্যন্তরীণ ইমেইল পাঠানোর পর তাকে বরখাস্ত করা হয়েছিলো। যেখানে তিনি গুগলের বিরুদ্ধে তার ‘টুটি চেপে ধরা’র অভিযোগ এনেছিলেন।